অধ্যায়
অধ্যায় ৬: ভরবেগ
মনেকরো, কাটুশ তার স্পেসশীপ নিয়ে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। পথে হঠাৎ সামনে একটা ছোট্ট পাথর দেখতে পেল। পাথরটা স্পেসশীপের গায়ে ধাক্কা দিলে কী হবে? স্পেসশীপের বেগ বদলাবে? পাথরটা কোন দিকে ছিটকে যাবে?
এবার পৃথিবীতে ফিরে আসো। একটা ক্রিকেট বল ব্যাটে লাগার পর হঠাৎ উল্টো দিকে চলে যায়। আবার একটা চলন্ত গাড়ি আরেকটাকে ধাক্কা দিলে দুটো গাড়িই অন্যভাবে চলতে পারে। এত অল্প সময়ে তাদের গতির এত পরিবর্তন ঘটে কীভাবে?
নিউটনের সূত্র দিয়ে এসব ঘটনার ব্যাখ্যা করা সম্ভব। কিন্তু সংঘর্ষের সময় বলের মান এত দ্রুত বদলায় যে প্রতিটি মুহূর্তের বলের হিসাব রাখা কঠিন। তাহলে কি সংঘর্ষের পরে কী হবে সেটা আর জানা যাবে না?
মজার ব্যাপার হলো, জানা যাবে! কারণ আমাদের হাতে আছে আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা-ভরবেগ (Momentum)। ভর আর বেগকে একসঙ্গে নিয়ে তৈরি এই রাশি অনেক ক্ষেত্রেই সংঘর্ষের আগে ও পরে মোট হিসাবে অপরিবর্তিত থাকে।
এই অধ্যায়ে আমরা প্রথমে দেখব সংঘর্ষ বলতে কী বোঝায়। তারপর রৈখিক ভরবেগ, ঘাত আর ঘাত-ভরবেগ উপপাদ্য শিখব। এরপর জানব ভরবেগের সংরক্ষণ সূত্র-যার সাহায্যে সংঘর্ষের মাঝখানে কী ঘটল সব না জেনেও সংঘর্ষের পরের বেগ বের করা যায়। শেষে দুই বস্তুর বিভিন্ন ধরনের সংঘর্ষ, এমনকি ভরকেন্দ্র প্রসঙ্গ কাঠামোর সাহায্যেও সেগুলো বিশ্লেষণ করব।
এই অধ্যায়ের বিষয়সমূহ